PPR রোগ নির্ণয়ে আন্তর্জাতিক প্রফিসিয়েন্সি টেস্টে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০০% সাফল্য
গত ৩১ জুলাই ২০২৫ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের পোস্টগ্র্যাজুয়েট ল্যাব ২০২৪ সালের আন্তর্জাতিক প্রফিসিয়েন্সি টেস্টে Peste des Petits Ruminants (PPR) রোগ নির্ণয়ে ১০০% স্কোর অর্জন করে ঐতিহাসিক সাফল্য লাভ করেছে।
অস্ট্রিয়ার ভিয়েনায় FAO/IAEA যৌথ বিভাগের প্রাণী উৎপাদন এবং স্বাস্থ্য পরীক্ষাগার কর্তৃক আয়োজিত এই টেস্টে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় ল্যাব এই প্রথম অংশগ্রহণ করে। ভেড়া ও ছাগলের এই মারাত্মক রোগের নির্ণয়ে এই অর্জন দেশের পশু স্বাস্থ্য গবেষণায় এক নতুন মাইলফলক। এই PPR রোগ নির্ণয়ের নেতৃত দিয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ আমিনা খাতুন এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন FAO/WFF PPR-Secretariate । গবেষণাটির সহ-তত্ত্বাবধানে ছিলেন বিএআরসি ডঃ মোঃ রফিকুল ইসলাম।
গত তিন বছরে ডঃ আমিনা খাতুনের তত্ত্বাবধানে ৬ জন শিক্ষার্থী মোঃ জিসান আহম্মেদ, মোঃ ইমরান হোসেন, তাসমিয়া তারিন, বাসান্ত সৌদ, মাইসা মালিহা কণা এবং প্রজ্জ্বল ভান্ডারী এই প্রকল্পে অনুদান পেয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। এর ফলে প্যাথলজি বিভাগে মলিকিউলার ডায়াগনসিস এবং উন্নত গবেষণার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রধান গবেষক ডঃ আমিনা খাতুন বলেন, "এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের গবেষণা দলের কঠোর পরিশ্রমের ফল। আমরা WOAH অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে PPR নিয়ন্ত্রণ ও নির্মূলের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পোষ্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. মোঃ সালাউদ্দীন মাহমুদ চৌধুরী এবং এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম এই সাফল্যে গর্ববোধ করছেন এবং ভবিষ্যতে আরও এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা করছেন।